আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে দুর্গম ২৫ দ্বীপ
ফাইবার অপটিক স্থাপন ব্যয়সাপেক্ষ এমন ৩১টি দুর্গম দ্বীপাঞ্চলে ১২০টি ভি-স্যাটের মাধ্যমে চলতি বছরের মধ্যেই উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে বঙ্গবন্ধু-১ কমিউনিকেশন স্যাটেলাইট। করোনা ও বন্যার ধাক্কা কাটিয়ে মাস খানেকের মধ্যেই ২৫টি দুর্গম চরকে গাজীপুর স্টেশনের ট্রান্সপন্ডারের সঙ্গে যুক্ত করছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে টেলিমেডিসিন ও শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, ৩১টি দ্বীপ বা চরের মধ্যে ইতিমধ্যে ২৫টিতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত করা হয়েছে। ভি-স্যাট প্রযুক্তি ব্যবহার করে দ্বীপগুলোতে ইন্টারনেট সেবা দেওয়ার কাজ চলছে।
শুরুতে টেলি এড্যুকেশন ও মেডিসিন এবং স্থানীয় সরকারি অফিস ও ইউনিয়ন সেবা কেন্দ্রগুলোকে এই নেটওয়ার্কে সংযুক্ত করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নেটওয়ার্ক চালু হলেই ১০ এমবিপিএস ডাউনলোড ও ৪ এমবিপিএস আপলোড গতি পাবেন সেখানকার ইন্টারনেট ব্যবহারকারীরা।
ইতোমধ্যেই পটুয়াখালীর চর কাজল, চর বিশ্বাস, বাহের চর, চর বোরহান ও চন্দ্রদ্বীপে পৌঁছে গেছে স্যাটেলাইট ইন্টারনেট। এছাড়াও ভোলার ১১টি, পটুয়াখালীর সাতটি, চাঁদপুরে আটটি এবং পিরোজপুর, বরিশাল ও নোয়াখালিতে একটি করে চর বা দ্বীপে সংযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক হাসান মুহাম্মদ মহিউদ্দিন।
তিনি বলেন, বর্তমানে চর কুকরি মুকরি, চর খাজুরিয়া, সোনার চর, চর মিজান এবং চালিতা বুনিয়ায় কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে এখানে সংযোগ দেয়া হবে। সোলার প্যানেলের মাধ্যমে ১২০টি ভি-স্যাটের মাধ্যমে এই নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এরপর সেন্টমার্টিনেও এই নেটওয়ার্কে সংযুক্ত করা হবে।